কিরগিজস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সাদির জাপারভের নিয়োগে অনুমোদন দেবেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভ। মঙ্গলবার জিনবেকোভ এমনটি জানান।
একটি বিবৃতিতে জিনবেকোভ বলেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং জোরদার করার জন্য, আমাদের সকল সিদ্ধান্ত অবশ্যই বৈধ হওয়া উচিত এবং প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়।
জানা গেছে, পার্লামেন্ট সদস্যদের ভোটে সাদির জাপারভ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেও সেই ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সুরনবাই জিনবেকোভ। প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আবারো ভোট নিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভ।
গত ৪ অক্টোবর কিরগিজস্তানে নির্বাচন-পরবর্তী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনে ভোট কেনা-বেচার অভিযোগ তুলেন। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা নবনিযুক্ত প্রধানমন্ত্রী সাদির জাপারভকে কারাগার থেকে ছাড়িয়ে আনেন। ২০১৩ সালে এক সরকারি কর্মকর্তাদের জিম্মি করার দায়ে তিনি ১১ বছর ৬ মাসের কারাভোগ করছিলেন। তার সঙ্গে আরও বেশ কয়েকজন রাজনীতিকও মুক্তি পান। বিক্ষোভের মুখে কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনের ফল বাতিল করা হয়, পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভও। গত শনিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে জাপারভের নাম ঘোষণা করে কিরগিজস্তানের পার্লামেন্ট।
কিরগিজস্তানে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত এক হাজার ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।
ইত্তেফাক/এআর