জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে এক বছরেরও বেশি সময় ধরে আটকে রাখার পর মুক্তি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটে তাকে মুক্তি দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। মেহবুবার টুইটার থেকেই টুইট করে এই খবর জানিয়েছেন তার মেয়ে ইলতিজা মুফতি।
ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ৩৭০ ধারা বাতিলের পর থেকে মেহবুবা মুফতিকে বন্দি করে রাখা হয়েছিল।
এনডিটিভির বরাতে জানা যায়, ইলতিজা মুফতির সেই টুইটের পর মেহবুবার টুইটার থেকে একটি অডিও বার্তা প্রকাশ পায়। অডিও বার্তাটি ছিল মেহবুবার। এতে তিনি বলেন, আজকে একবছর পর আমাকে মুক্তি দেয়া হল। এই দীর্ঘ সময়ে শুধু ৫ আগস্ট, ২০১৯ তারিখের কালোদিনটি আমার আত্মাকে পীড়া দিয়েছে। আমার বিশ্বাস জম্মু ও কাশ্মীরের সাধারণ জনগণের মনেও একই অনুভূতি বিদ্যমান। সেইদিনের অপমান আমরা কেউ ভুলতে পারি না।
মেহবুবা বলেন, এখন আমাদের মনে রাখতে হবে, কীভাবে দিল্লি সরকার বেআইনি ও অগণতান্ত্রিক উপায়ে জম্মু ও কাশ্মীরকে কেড়ে নিয়েছে। আমাদের তা ফিরিয়ে আনতে হবে। এই কাশ্মীর ইস্যুতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো আমাদের নানাভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। দিল্লি সরকারের প্রতি আমার আহ্বান, তারা যেন বন্দীদের দ্রুত মুক্ত করে দেয়।
এনডিটিভি বলছে, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছাড়া পেয়েছেন মেহবুবা মুফতি। আদালতে তার মেয়ে ইলতিজা মুফতি ‘অবৈধ আটক’ এর অভিযোগে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত মেহবুবাকে বন্দীদশা থেকে মুক্তির নির্দেশ দেয়।
ইত্তেফাক/টিআর/এআর