বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামে প্রেমিকের বাড়িতে দু’দিন যাবত অবস্থান নিয়েছে এক কলেজছাত্রী। বিয়ের দাবিতে ছাত্রীর অবস্থানের পর থেকেই প্রেমিক বাড়ি থেকে উধাও। বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই ছাত্রী।
স্থানীয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের কলেজছাত্রী (২০) জানায়, পাকুরিতা গ্রামের হরেণ জয়ধরের ছেলে শুকদেব জয়ধরের সাথে দেড় বছর আগে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সুযোগে শুকদেব (২২) তাকে কাছে পেয়ে একদিন জোর করে শারীরিক সম্পর্ক করে। এরপর তাকে বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে কলেজছাত্রী শুকদেবকে বিয়ের জন্য চাপ দিলে আনুষ্ঠানিকভাবে বিয়ে না করে তার মাথার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে তাদের বিয়ে হয়ে গেছে বলে দাবি করে শুকদেব। এমন বিয়ের বিষয়টি শুকদেবের পরিবারকে জানানোর জন্য ওই ছাত্রী চাপ দিয়ে আসলে সম্প্রতি শুকদেব গোপনে উজিরপুর উপজেলার কালবিলা গ্রামের অন্য এক মেয়েকে বিয়ে করে। তিন মাস আগে বিয়ের পর গত সোমবার রাতে ছাত্রী এক ঘরে থাকার সুযোগে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে জোর করে শারীরিক সম্পর্ক করতে গেলে ছাত্রীর ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে শুকদেব কৌশলে পালিয়ে যায়।
শুকদেব পালিয়ে যাওয়ার পর সোমবার রাতেই বিয়ের দাবিতে শুকদেবের বাড়িতে অবস্থান নেয় ওই ছাত্রী। বাড়িতে অবস্থান নেওয়ার পর থেকেই প্রেমিক শুকদেব বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। বর্তমানে বিয়ের দাবিতে শুকদেবের ঘরে অবস্থান করছে ওই কলেজছাত্রী।
আরও পড়ুন: মেঘনায় বুধবার মধ্যরাত থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা
বাকাল ইউনিয়নের স্থানীয় ৭নং ওয়ার্ড সদস্য নির্মল বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লোকজনের মাধ্যমে খবর পেয়ে তিনি ওই বাড়িতে গিয়ে ওই কলেজছাত্রীর মুখে সকল কথা শুনেছেন। বিষয়টি বিয়ের মাধ্যমে সমাধানের জন্য ছেলের বাবা ও তার পরিবারের লোকজনকে বলেছেন বলে জানান।
তিনি আরও বলেন, পারিবারিকভাবে বিষয়টি সমাধান না হলে মেয়েকে আইনের আশ্রয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তবে ছেলের বাবা সমাধানের আশ্বাস দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সমাধান হয়নি। কলেজছাত্রী বর্তমানে শুকদেবের ঘরে অবস্থান করছে।
থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার বলেন, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। ছেলে-মেয়ে বিয়ে করবে বলে মেয়ের পক্ষ থেকে কোন অভিযোগ দিতে চাইছে না। যদি মেয়ের পরিবার থেকে অভিযোগ দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
ইত্তেফাক/এএএম