বাবার অবস্থা আগের চেয়ে ভালো :সৌমিত্র কন্যা পৌলমী বসু

 বিনোদন ডেস্ক

 

দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করা হচ্ছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। চিকিত্সায় সাড়া  দিচ্ছেন তিনি। এ কারণে তার বাইপ্যাপ সাপোর্ট, অর্থাত্ নন ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট খুলে রাখা হয়েছে।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে ভর্তি ৮৫ বছর বয়সি সৌমিত্র চট্টোপাধ্যায়। গত মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ইকো, ইসিজি ও রক্ত পরীক্ষা হয়েছে। এমআরআই করা হয়েছে নতুন করে। বুধবার (১৪ অক্টোবর) আবারও করোনাভাইরাস পরীক্ষা করা হবে। সঙ্কট না কাটলেও তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি চিকিত্সায় সাড়াও দিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

সৌমিত্রের মেয়ে পৌলমী বসু বলেন, ‘বাবা আগের চেয়ে ভালো। অবস্থা খানিকটা স্থিতিশীল। ১ শতাংশ হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ সকালে বাইপ্যাপ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। এই মুহূর্তে বাবাকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন না চিকিত্সকরা। এর ভেতরে অনেকেই আসছে দেখা করার জন্য। তবে কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না, স্বাভাবিক স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবেই।’

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্তের পর সৌমিত্র চট্টোপাধ্যায়কে গত সপ্তাহে বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিত্সাধীন।  এদিকে দেশীয় কিছু নিউজ পোর্টাল সৌমিত্র’র মৃত্যুর ভুয়া তথ্য প্রকাশ করার পর তা বেশ কজন তারকা ফেসবুকে শেয়ার করেন। এই বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্যও জয়া আহসান থেকে শুরু করে বেশ কজন তারকা সকলকে অনুরোধ করেছেন। তারা বলেছেন মৃত্যুর ভুল খবর শেয়ার করার চেয়ে তার জন্য কোনো প্রার্থনা করুন।