অভিনয়ে ফেরা

 

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে প্রিয় অভিনেত্রী সিনেমার শুটিংয়ে ফিরবেন। সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। গত রোববার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ‘দেবর আমার কত আপন’। নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। চুক্তিবদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক সায়মন তারিক। তিনি জানান, সিনেমাটিতে মৌসুমী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তাকে কেন্দ্র করেই এর গল্প। এতে তাকে গ্রামীণ নারীর চরিত্রে দেখা যাবে। এক সময় ছবিতে তাকে প্রতিবাদী নারী হিসেবে উপস্থাপন করা হবে। ‘দেবর আমার কত আপন’ সিনেমায় ওমর সানীও অভিনয় করবেন। এই ছবিতে মৌসুমীর সঙ্গে আরো নতুন মুখ থাকছে। মেহেদী ও সোহানা নামের নতুন জুটি এ ছবিতে কাজ করবেন। এ ছাড়াও বড়দা মিঠু, মাসুম আজিজসহ অনেকেই অভিনয় করবেন ছবিটিতে। এখানে কাজ করা প্রসঙ্গে মৌসুমী বলেন, বেশ আলাদা গল্পের একটি ছবি। আমার চরিত্রটিও চমত্কার। এ কারণেই ছবিটি করতে রাজি হয়েছি। তাছাড়া করোনার কারণে অনেকদিন নতুন ছবিতে কাজ করা হয়নি। অপেক্ষায় ছিলাম কবে ক্যামেরার সামনে দাঁড়াব। অবশেষে এ ছবির মাধ্যমে ফেরা হচ্ছে।