সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

নাঙ্গলকোটে বিপাকে খেটে খাওয়া মানুষ

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটে পেঁয়াজ আলুসহ শাকসবজির বাজার লাগামহীন হয়ে উঠেছে। এছাড়া ভোজ্যতেল সয়াবিনের দাম প্রতি লিটারে ১০ টাকা বেড়েছে। এতে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে বিপাকে পড়তে হচ্ছে। দিশেহারা হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রবি ও সোমবার নাঙ্গলকোট পৌরবাজার ও উপজেলার বিভিন্ন ছোট-বড় বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, গত কয়েক দিন থেকে পেঁয়াজ প্রতি কেজি ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ কয়েক দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। ২০ টাকা দামের প্রতি কেজি আলু ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। শাকসবজির মধ্যে শিম প্রতি কেজি  ১২০ টাকা, কাঁচা মরিচ ২৪০ টাকা, পটোল ৬০ টাকা, ঝিঙা ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কইডা ৭০ টাকা, ছরা ৪০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে, ভোজ্যতেল সয়াবিন তেল বোতলজাত প্রতি লিটারে ১০ টাকা বেড়েছে। নাঙ্গলকোটে পৌর বাজারের নিম্ন আয়ের ক্রেতা রিকশাচালক আবুল কালাম বলেন, পেঁয়াজ, আলু ও সয়াবিন তেলের পাশাপাশি সবজির বাজার দর শুনে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই। বাঙ্গড্ডা বাজারের ক্রেতা দ্বীন মোহাম্মদ, জহিরুল হক, মানিক বলেন, পেঁয়াজ, আলুসহ অন্যান্য শাকসবজির অগ্নিমূল্যে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, কাঁচা শাকসবজির বাজার দর উঠানামা করে। পেঁয়াজের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তার পরও ব্যবসায়ীরা পেঁয়াজের মূল্যসহ অন্যান্য পণ্যমূল্য বেশি রাখলে অভিযান পরিচালনা করা হবে।