এক ঘণ্টার চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী

তালতলী (বরগুনা) সংবাদদাতা

কন্যাশিশু দিবস উপলক্ষ্যে দশম শ্রেণির স্কুলছাত্রী সাদিয়া জাহান আনিকা এক ঘণ্টার জন্য তালতলী উপজেলা চেয়ারম্যান হলেন। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের ‘পায়রা’ হলে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবীর জোমাদ্দার তার কাছে এক ঘণ্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সাদিয়া তালতলী উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যাশিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে।