ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভুঞাপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের ঘটনায় আসামি নাজমুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যা সন্তান আসামির পিতৃ পরিচয়ে বড় হবে এবং জেলা ম্যাজিস্ট্রেটকে তার ভরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন প্রাপ্ত পলাতক আসামি নাজমুল নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার জানান, ভুঞাপুরে ২০০৮ সালের ৬ ডিসেম্বর রাতে আসামি নাজমুল উপজেলার নিকরাইল ইউনিয়নের ঐ নারীর ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।