স্পোর্টস রিপোর্টার
বিসিবির বিদেশি তিন কিউরেটরের দুজনই এখন বাংলাদেশে নেই। সিলেটের কিউরেটর সঞ্জীব আগারওয়াল আছেন ভারতে। মিরপুর স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা রয়েছেন শ্রীলঙ্কায়। গামিনি মে মাসে ও আগারওয়াল জুন মাসে স্বদেশে ফিরে গেছেন। পাঁচ মাস ধরে কিউরেটর শূন্য দেশের প্রধান ক্রিকেট ভেন্যু। কিউরেটর ছাড়াই শুরু হয়েছিল বিসিবি প্রেসিডেন্টস কাপ। পরপর দুটি ম্যাচ লো স্কোরিং হওয়ায় তত্পর হয়েছে বিসিবি। জানা গেছে, কলম্বোয় অবস্থানরত গামিনিকে তলব করা হয়েছে। চলতি মাসেই ফেরার কথা রয়েছে তার।
গ্রাউন্ডসম্যান থেকে পদোন্নতি পেয়ে সহকারী কিউরেটরের দায়িত্ব পাওয়া কবির হোসেনই এতদিন শেরেবাংলার মাঠ ও উইকেটের দেখভাল করছিলেন। পরপর দুই ম্যাচে রানের দেখা না পাওয়ায় চট্টগ্রাম থেকে কিউরেটর প্রাভীন হিনগানিকরকে ঢাকায় উড়িয়ে এনেছে বিসিবি। গত মাসে ভারত থেকে ফিরে কর্মস্থল চট্টগ্রামে অবস্থান করছিলেন হিনগানিকর।
বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির ডাক পেয়ে গতকাল সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তিনি। আজ থেকে উইকেট, মাঠের তত্ত্বাবধান করবেন হিনগানিকর। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সকালেই কাজে নেমে পড়েছেন হিনগানিকর ও দেশীয় কিউরেটর জাহিদ রেজা বাবু। ক্রিকেটারদের সংস্পর্শে আসতে হবে বলে তাদের করোনা পরীক্ষার নমুনাও নেওয়া হয়েছে। বিসিবি প্রেসিডেন্টস কাপের বাকি ম্যাচগুলোতে তারাই পরিচালনা করবেন মাঠ ও উইকেটের কার্যক্রম। চট্টগ্রামের রানপ্রসবা রূপটা তাদের হাত ধরেই মঞ্চস্থ হয়। এবার গামিনির অনপুস্থিতিতে শেরেবাংলার নিষ্প্রাণ উইকেটে রানের জোয়ার দেখানোর চ্যালেঞ্জ এখন হিনগানিকর-জাহিদ রেজা বাবু জুটির সামনে।