কোম্পানীগঞ্জে জালে ধরা পড়ল ১৫ ফুট লম্বা অজগর সাপ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভাধীন ৭নং ওয়ার্ডে মাছুয়াদোনা খালের বিন্তি জালে ৪০ কেজি ওজনের ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। 

বুধবার সকালে ওই এলাকার সিদ্দিক ড্রাইভার বাড়ীর কামালের বিন্তি জালে এ সাপ ধরা পড়ে। সাপটি দেখার জন্য সকাল থেকে দুপুর অবধি বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ও শিশু ঘটনাস্থলে ভিড় জমায়। 

তবে বনাঞ্চলের অজগর সাপটি কিভাবে মাছুয়াদোনা খালে এলো, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। বিষয়টি নিয়ে উপজেলা বন বিভাগ এবং উপজেলা প্রাণী সম্পদ বিভাগে যোগাযোগ করলে তারা একে-অপরের ওপর দায় চাপান। এরই মধ্যে দুপুরে অনন্যোপায় হয়ে বিন্তি জালের মালিক কামালসহ অন্যান্যরা সাপটি মাটিতে পুঁতে ফেলে। 

আরো পড়ুনঃ রিফাত হত্যা:অপ্রাপ্তবয়স্ক আসামিদের রায় ২৭ অক্টোবর

প্রকৃতি ও জৈব বৈচিত্র্য বিষয়ে স্থানীয় বিশেষজ্ঞজন অভিযোগ করে জানান, উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার ফাঁদ বসানোর কোন বৈধতা নেই। আইনের প্রয়োগ না থাকায় এবং স্থানীয় সংশ্লিষ্ট সরকারী দপ্তরের অবহেলার কারণে বনজ প্রাণীটি মারা যায়। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউল হক মীর জানান, বন বিভাগের রেঞ্জার এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে ডেকে নিয়ে প্রকৃত দায় কোন বিভাগের ওপর, তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।  


ইত্তেফাক/এমএএম