বিশ্ববিদ্যালয় রিপোর্টার
এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব ধরনের লেনদেন অনলাইনে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ তত্ত্বাবধানে পরিচালিত DU-AIS Project-এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ১৫টি সফট্ওয়্যার মডিউলের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের এই অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক অনুষ্ঠানে এ প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এর নাম দেওয়া হয়েছে ‘হিসাব অটোমেশন’।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অটোমেশনের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিজিটালাইজড রসিদ সংগ্রহের মাধ্যমে তাদের বেতন ও যাবতীয় ফিসের টাকা জনতা ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে পারবে। এছাড়া তারা মোবাইল অ্যাপের মাধ্যমেও যে কোনো বাণিজ্যিক ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিং যেমন— বিকাশ, রকেট, নগদ, শিওরক্যাশ ইত্যাদির সাহায্যে যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে জমা দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, পেনশন, ইনকাম ট্যাক্স, ইনসিওরেন্স, ব্যাংক লোন, প্রভিডেন্ট ফান্ড, বেনিভোলেন্ট ফান্ড, শিক্ষকদের পরীক্ষা সংক্রান্ত বিল, বিভিন্ন ট্রাস্ট ফান্ডের হিসাব ইত্যাদি এই অটোমেশনের ফলে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।