সাভারে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, গ্রেফতার ২

ইত্তেফাক রিপোর্ট

সাভারে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ছয় বছরের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে অপহরণের দুই দিন পর বিরুলিয়ার কাকাবো এলাকার একটি জঙ্গল থেকে স্কুলব্যাগে ভরা শিশুটির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ঐ শিশুর নাম মেহেদী হাসান। এ ঘটনায় পুলিশ অপহরণকারী দুই ভাই-বোনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শিশু মেহেদী হাসান তার বাবা গোলাম কবীর ও মা পারুল বেগমের সঙ্গে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় ভাড়া বাসায় থাকতো। গত ১২ অক্টোবর প্রতিবেশী দুই ভাই-বোন জসিম ও আনিকা মিলে শিশুটিকে কৌশল অপহরণ করে। পরে শিশুটির বাবা-মার কাছে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। তাদের কথামতো শিশুটির বাবা-মা ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। কিন্তু মুক্তিপণের বাকি টাকা দিতে না পারায় অপহরণকারীরা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ি ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যমতে শিশু মেহেদীর মরদেহটি জঙ্গলে স্কুলব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়।