বিশ্ববিদ্যালয় রিপোর্টার
আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলের হলরুমের ছাদ ধসে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ছাত্র, কর্মচারী ও অতিথিসহ ৪০ জন নিহত হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ এ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিবসটির কর্মসূচির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল এবং হোস্টেলে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ; সকাল সাড়ে ৭টায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন; সকাল ৭টা ৪৫ মিনিটে জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভা।