আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। ‘সকলের হাত সুরক্ষিত থাক’—এই প্রতিপাদ্য নিয়ে এ বছর পালিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। বিভিন্ন সংগঠন শিশুদের হাত ধোয়াকে উত্সাহিত করতে এবং শিশুদের জীবাণু থেকে সুরক্ষা দিতে এই দিবস পালন করে থাকে। এ বছর দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ডিএসকে এবং ওয়াটার এইড যৌথ উদ্যোগে গতকাল বুধবার বিকালে বারিধারা নয়ানগর চার্চ, ডি মাজেনড সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায় বলেন, ঢাকা ওয়াসা আপনাদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। তিনি নিম্ন আয়ের জনগণের জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ডিএসকে ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের অবদানের জন্য ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন এর আরবান কর্মসূচির প্রধান ও উপপরিচালক মঞ্জু মারীয়া পালমা বলেন, হ্যান্ড ওয়াশিং ডিভাইস দেওয়া অসম্ভব নয়। তবে সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করলে আমরা হ্যান্ড ওয়াশিং ডিভাইস দিতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম (বাসেক), ডিএসকের পরিচালক স্বাস্থ্য ডা. মাহাবুবুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক অখিল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন আরবান প্রোগ্রামের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার জোয়ান্না ডি রোজারিও। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এর আরবান কর্মসূচির প্রধান ও উপপরিচালক মঞ্জু মারীয়া পালমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনি রোজারিও। দিবসের প্রতিপাদ্য প্রচারণায় অনুষ্ঠানে ওয়াটার এইড বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সিবিও-এর নেতৃবৃন্দ, শিশু ও ইয়ুথ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।