প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর পাচ্ছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের মেয়ে রুবিনা বেগম (৩৬)। মানসিক প্রতিবন্ধী হওয়ায় এলাকায় ‘রুবি পাগলি’ নামেই পরিচিত তিনি। ১৫ বছর আগে বিয়ে হলেও দেড় বছরের মাথায় রুবিনাকে ফেলে তার স্বামী বিদেশে চলে যায়। সেই থেকে গরিব অসহায় রুবিনা বাবার সংসারে রয়েছেন। বেশ কয়েক মাস আগে বাবাকেও হারান রুবিনা। বাবা-মাহারা অসহায় রুবিনার ছোট ভাই আশরাফুল আলমও শারীরিক প্রতিবন্ধী।
ছোট ভাইকে নিয়ে বাবার রেখে যাওয়া জরাজীর্ণ মাটির ঘরে থাকেন রুবিনা। গ্রামে নতুন মানুষ দেখলেই এগিয়ে আসেন রুবিনা। সম্প্রতি এক সাংবাদিককে দেখে রুবিনা বলেন, ‘তোরা কি সরকারি লোক বাহে? তোরা কি এটা (একটা) বাড়ি দিবার পারো হামাক? এ জগতে মোর কেউ নাই। সরকারকে কইয়্যা মোক এটা বাড়ি দে বাহে।’ রুবিনার দুর্দশার কথা গণমাধ্যমে উঠে আসে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে এলে দুস্থ ও দরিদ্র মানুষকে ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তাত্ক্ষণিকভাবে মানসিক প্রতিবন্ধী রুবিনার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের আশ্রায়ণ প্রকল্পে ‘আবাসিক ভবন নির্মাণ’ খাতের আওতায় রুবিনা বেগম ও আশরাফুল আলমকে একটি সেমিপাকা ঘর নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে মুজিববর্ষের মধ্যে সব গৃহহীনদের জন্য ঘর তৈরির প্রচেষ্টা চলছে। প্রকল্প সূত্রে জানা যায়, এরই মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৯৩২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে ১ লাখ ৯২ হাজার ৩৩৬টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।