চট্টগ্রাম অফিস
মহানগরীতে ট্রাফিক পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত আরো ছয় জনকে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বুধবার জানান, গ্রেফতারকৃত ছয় জনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য।
গত মঙ্গলবার বিকাল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত বান্দরবান ও চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মহিদুল আলম (২৪), জহির উদ্দিন (২৮), মঈনউদ্দিন (২৮), আবু সাদেক (১৯), রহমতউল্লাহ আকিব (২৪) এবং মো. আলাউদ্দিন (২৩)। এ নিয়ে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন গ্রেফতার হলো। যাদের সবাই নিষিদ্ধ নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, মহিদুল ও জহিরকে বান্দরবান জেলা শহরের কলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা এবং বাকি চার জনকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরগাহমুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ছয় জনই পুলিশ বক্সে বোমা বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে সাদেক বোমাটি পুলিশ বক্সের ভেতরে রেখে আসে। আকিবের বোমা তৈরিতে বিশেষ প্রশিক্ষণ আছে বলে তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন আহত হন, যাদের মধ্যে দুই জন ছিলেন সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্য। এরা হলেন সার্জেন্ট আরাফাত হোসেন ও এএসআই মো. আতাউদ্দিন। এছাড়া ১০ বছরের এক শিশু এবং আরো দুই জন যুবক আহত হন। এ ঘটনায় ট্রাফিক পরিদর্শক অনিল বিকাশ চাকমা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।