চট্টগ্রাম অফিস
ফলের ঝুঁড়ি ও ছাতার হাতলের ভেতরে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার রাতে চট্টগ্রামের স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা তুর্ণা-নিশিথা ট্রেনে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল।
পরে তাদের জিজ্ঞাসাবাদে ইয়াবার মালিককেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা। গ্রেফতার তিন জন হলেন আবু বক্কর সিদ্দিকী, সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
নোবেল চাকমা জানান, রাতে বক্কর ও সাইফুল ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিল। স্টেশন রোডে কোতোয়ালি থানা পুলিশের একটি দল টহলরত ছিল। দুই জনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালায়। এসময় তাদের সঙ্গে থাকা ফলভর্তি ঝুড়ি তল্লাশি করে ৫ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
সহকারী কমিশনার নোবেল আরো জানান, প্লাস্টিকের ঝুড়িতে ইয়াবা রেখে আঠা দিয়ে আরেকটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। ঝুঁড়িতে ফলের সঙ্গে থাকা সাবানের ভেতরে এবং ছাতার হাতলেও ইয়াবা রাখা হয়েছিল।
তিনি বলেন, জাহাঙ্গীর নামের একজন তাদের ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিতে বলেছিল। তাদের তথ্যের ভিত্তিতে পরে মধ্যরাতে খুলশী থানার আমবাগান এলাকা থেকে জাহাঙ্গীরকেও গ্রেফতার করা হয়।