সাভারে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ৬ বছরের এক শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে অপহরণের দুই দিন পর বিরুলিয়ার কাকাবো এলাকার একটি জঙ্গল থেকে স্কুল ব্যাগে ভরা শিশুটির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত ওই শিশুর নাম মেহেদী হাসান। এ ঘটনায় পুলিশ অপহরণকারী দুই ভাই-বোনকে গ্রেফতার করেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শিশু মেহেদী হাসান তার বাবা গোলাম কবীর ও মা পারুল বেগমের সাথে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় ভাড়া বাসায় থাকতো। গত ১২ অক্টোবর প্রতিবেশী দুই ভাই-বোন জসিম ও আনিকা মিলে শিশুটিকে কৌশল অপহরণ করে। পরে শিশুটির বাবা-মার কাছে মুঠোফোনে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। অপহরণকারীদের কথামতো শিশুটির বাবা-মা পনেরো হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয় এবং পুলিশকে বিষয়টি অবহিত করে। কিন্তু মুক্তিপণের বাকি টাকা দিতে না পারায় অপহরণকারীরা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহটি স্কুল ব্যাগে ভরে বিরুলিয়ার পার্শ্ববর্তী একটি জঙ্গলে ফেলে যায়।
আরো পড়ুনঃ যুক্তরাষ্ট্রে টিকা আবিষ্কার হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে: মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী জসিম ও আনিকাকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ি ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, আটক অপহরণকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যমতে শিশু মেহেদীর মরদেহটি জঙ্গলে স্কুল ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম