সাভারের একটি তৈরি পোশাক কারখানা থেকে কাপড় চুরির সময় কারখানার কর্মকর্তাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) ভোরে সাভার পৌর এলাকার উলাইল কর্ণপাড়ার প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল নামের কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো- স্টোর ইনচার্জ মেহেদী হাসান, কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, সিকিউরিটি ইনচার্জ মশিউর রহমান, সিকিউরিটি সুপার ভাইজার এরশাদ মোল্লা ও স্টোর সহকারী আকবর হোসেন।
আরো পড়ুনঃ সাভারে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, গ্রেফতার ২
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, ভোর ৪টার দিকে আটককৃতরা ওই কারখানায় মজুদ রাখা তিন টন কাপড় (ফেব্রিক্স) চুরি করে কারখানার মূল ফটক দিয়ে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। টের পেয়ে কারখানা কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড় চুরির অভিযোগে ওই পাঁচজনকে আটক করে। উদ্ধারকৃত কাপড়ের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কারখানাটির কমপ্লায়েন্স ম্যানেজার মনিরুল ইসলাম বাদী হয়ে আটক পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম