বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে এক নববধূকে (১৭) রাতভর আটকে রেখে গণধর্ষন ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
নির্যাতিত ঐ গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কাজীরহাট থানায় এই মামলা দায়ের করেন। স্থানীয় বাবু হাওলাদার, রাজিব ফকির, নাজমুল ও পরান ভূঁইয়াসহ ৫ জনকে এই মামলার আসামী করা হয়েছে। বুধবার কাজীরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
আরো পড়ুনঃ সাভারে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, গ্রেফতার ২
গৃহবধূর ভগ্নীপতি আবু বক্কর জানান, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঐ গৃহবধূকে একই এলাকার নাজমুল, বাবু ও রাজিব গত রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আটকে রাখে। ঐ রাতে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরদিন সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য পরান ভূঁইয়ার উপস্থিতিতে ঐ গৃহবধূকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।
এই ঘটনার পরপরই ঐ গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পরলে সোমবার সন্ধ্যায় তাকে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপরই বিষয়টি জানাজানি হয়।
ইত্তেফাক/এমএএম