করোনার ভ্যাক্সিন সংগ্রহ

সদস্য দেশগুলোকে ১ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

উন্নয়নশীল দেশগুলোতে করোনা ভাইরাসের ভ্যক্সিন সংগ্রহে নতুন করে ১২ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ২০ কোটি টাকা। গতকাল সংস্থাটির বোর্ড সভায় এই অর্থায়ন অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে করোনা মোকাবিলায় সদস্য দেশগুলোর জন্য ২০২১ সালের জুন পর্যন্ত ১৬ হাজার কোটি ডলার (১৩ লাখ ৬০ হাজার কোটি টাকা) সহায়তার প্যাকেজ ঘোষণা করেছিল সংস্থাটি। যার একটি বড় অংশ ১১১টি দেশে বিতরণ করা শুরু হয়েছে। নতুন করে এই ১২ বিলিয়ন ডলার দ্রুত করোনার ভ্যক্সিন পেতে সদস্য দেশগুলোকে দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস উল্লেখ করেছেন, কোভিড-১৯ মোকাবিলায় সদস্য দেশগুলোর জন্য জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। করোনার ভ্যক্সিন সংগ্রহে ন্যায্যতা এবং সমতা তৈরি করতে বাড়তি অর্থায়ন উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করবে। নিরাপদ ও কার্যকর ভ্যক্সিন করোনা মোকাবিলায় সহায়তা করবে। সেই সঙ্গে অর্থনীতির বিপর্যয় দ্রুত কাটিয়ে উঠতে সাহায্য করবে।

করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরপরই সদস্য দেশগুলোর জন্য ঋণ ও অনুদান দ্রুত ছাড় করছে বিশ্বব্যাংক। ইতিমধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পে অর্থায়ন করেছে সংস্থাটি। এজন্য এপ্রিল মাসেই বাংলাদেশের জন্য ১০ কোটি ডলার (৮৫০ কোটি টাকা) ঋণ অনুমোদন করে সংস্থাটির বোর্ড সভা। করোনা মোকাবিলায় ও আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য সদস্য দেশগুলোকে ফাস্ট-ট্র্যাকভিত্তিকে অর্থ ছাড় করছে সংস্থাটি। তাছাড়া কার্যকর ভ্যক্সিন বাজারে আসার সঙ্গে সঙ্গে সদস্য দেশগুলোকে এটি পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে সংস্থাটি।