যৌতুকের দাবীতে স্ত্রীর যৌনাঙ্গে দা দিয়ে গরম ছ্যাঁকা দেয়াসহ শারীরিক নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য পনু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ ঘটনা বরগুনার সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে ঘটে।
নির্যাতনের শিকার ২ সন্তানের জননী মার্জিয়া আক্তার ছবির (৪০) বাবা মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু বলেন, বিয়ের পর থেকে জামাতা পনু যৌতুকের দাবীতে আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে আসছে। এ পর্যন্ত ৪-৫ লাখ টাকা যৌতুক নিয়েছে সে। আরো ২ লাখ টাকা যৌতুকের দাবীতে প্রতিদিন নির্যাতন করত সে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পনু মেম্বর দা গরম করে আমার মেয়ের যৌনাঙ্গে ছ্যাঁকা দেয়াসহ শারীরিকভাবে নির্যাতন করে উঠানে ফেলে রাখে। ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ছবিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, গৃহবধূ মার্জিয়াকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। আসামী পনু মেম্বরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমএএম