ফুলবাড়ীয়ায় ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে এক ব্যক্তির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আপন ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় বড় ভাই সফর আলীর (৫০) মৃত্যু হয়েছে। পিতার মৃত্যুর সংবাদে বাকরুদ্ধ পুত্র মিনহাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে এ ঘটনা ঘটে।

বৈলাজান গ্রামের প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবুল সরকার, দুদু মিয়া, ইব্রাহিম খলিল অভিযোগ করেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক, আমরা সকালে বৈলাজান তেমোনা নামক স্থানে বসে ছিলাম। এমন সময় সফর আলীর ছোট ভাই আব্দুল্লাহ আর বৈলাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারুক মাস্টারের ছোট ভাই হারুন সফর আলীকে ডেকে অকথ্য ভাষায় গালমন্দ করে এক পর্যায়ে লাঠিপেটা করে। পরে সফর আলী তার ভাইয়ের অপমান সইতে না পেরে নীরবে চলে যায় বাড়ির দিকে। সফর আলী চলে যাওয়ার প্রায় ১৫ মিনিট পর তার মৃত্যুর সংবাদ পাই আমরা। সম্ভবত অপমান সইতে না পেরে সফর আলী স্ট্রোক করে মারা গেছে।  

আরও পড়ুন: সৎ ভাইয়ের বিরুদ্ধে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিহতের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, কয়েক বছর ধরেই সফর আলী এবং তার ভাই আব্দুল্লার সাথে জমির রেওয়াজ বদল সংক্রান্ত জটিলতা ছিল। বুধবার দুই পক্ষ একসাথে থেকে জমি মাপার কথা থাকলেও সফর উপস্থিত ছিলেন না। তাই সেই আক্রোশে স্থানীয় মাতব্বর হারুনকে নিয়ে আব্দুল্লাহ তেমোনা নামক স্থানে নিজের ভাইকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঠিপেটা করে।  

নিহতদের স্ত্রী মিনারা খাতুন অভিযোগ করেন, আমার দেবর আব্দুল্লাহ আর মাতাব্বর হারুনের কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি তাদের বিচার চাই। পিতার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পুত্র মিনহাজ বাকরুদ্ধ হয়ে গেছে। তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ জহিরুল হক মুন্না জানান, নিহতের স্ত্রী মিনারা থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা লাশ উদ্ধারে ঘটনাস্থলে আছি। 

ইত্তেফাক/এএএম