মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালকের মৃত্যু

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মাঠে বাস ও ইটভাঙা মেশিন যানের মুখোমুখি সংঘর্ষে ওয়াসিম মিয়া এবং জাফর আলী নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জনের বাড়ি আমঝুপি গ্রামের বিশ্বাসপাড়ায়। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক।

স্থানীয়রা জানায়, ইটভাঙা (খোয়া) মেশিন নিয়ে বিভিন্ন স্থানে কাজে যেত শ্রমিক ওয়াসিম ও জাফর। ঐ যান মেরামতের জন্য ভোরে তারা দুই জন বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। আমঝুপি মাঠে পৌঁছলে একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত যান দুটি উদ্ধারের কাজ চলছে।