শেয়ারবাজার

বেড়েছে সূচক কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল লেনদেনের শুরুতে শেয়ারবাজারে উত্থানের আভাস পাওয়া যায়। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রথম ঘণ্টার লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের এ উত্থানের দিনে ডিএসইতে অংশ নেওয়া ১৭৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১১০টি এবং ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৫৪৮ কোটি ৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৫০ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০২ কোটি ৬৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়া প্যাসেফিক ইনসিওরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ১৭ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইনসিওরেন্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন, গ্রামীণফোন, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এবং রূপালী ইনসিওরেন্স। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৩টির এবং ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে।