লাভেলো আইসক্রিমের আইপিও অনুমোদন

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৭৪৪তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। লাভেলো আইসক্রিমের ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ২০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ দশমিক ১৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানি লাইফ ফাইন্যান্স।