ফুটবলের নতুন মৌসুম ঘোষণা করা হয়েছে। ১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে মৌসুম শুরু হবে। প্রিমিয়ার ফুটবল লিগ কমিটি গতকাল প্রথম সভা করে। সেখানে ১৩ ক্লাবের প্রতিনিধি ছিলেন। লম্বা বৈঠক শেষে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন ডিসেম্বরে ফেডারেশন কাপের আগে ১৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর খেলোয়াড় দলবদল চলবে। দেশি এবং বিদেশি ফুটবলারদের রেজিস্ট্রেশন একসঙ্গে চলবে বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান। দলবদল শুরু হওয়ার আগেই চলতি মাসের মধ্যে খেলোয়াড়দের একটা তালিকা বাফুফেতে জমা দিতে হবে। যে ক্লাব প্রয়োজনের বাইরে খেলোয়াড় রাখতে চায় না সেই ক্লাবগুলো খেলোয়াড়দের সঙ্গে সমঝোতার ভিত্তিতে মুক্ত করে দিতে পারে। পছন্দের বাইরের খেলোয়াড়দের নিয়ে একটা তালিকা আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাফুফেতে জমা দিতে হবে। সালাম মুর্শেদী জানিয়েছেন ক্লাবের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ছেড়ে দেয়া খেলোয়াড়টি যদি নতুন মৌসুমে নতুন ক্লাব না পায় তাহলে পুরোনো ক্লাবেই ফিরে আসবেন। তাকেও গ্রহণ করবে সেই ক্লাব।
ক্লাবগুলোর সঙ্গে লিগ কমিটির সভায় গুরুত্বপূর্ণ বিষয় ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ। কয়েক দিন আগে খেলোয়াড়রা বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে নতুন মৌসুমের পারিশ্রমিক নিয়ে আলোচনা করেন। সেখানে নির্ধারণ হয়েছিল নতুন মৌসুমের জন্য ৪০ শতাংশ অর্থ দেওয়া হবে। কিন্তু গতকাল লিগ কমিটির সঙ্গে ক্লাবগুলোর সভায় নির্ধারণ হয়েছে ন্যূনতম ৩৫ শতাংশ অর্থ দেওয়া হবে। সালাম মুর্শেদী ক্লাব প্রতিনিধিদের সামনে এই ঘোষণা দেন। ক্লাবগুলো ডোনেশনের ওপর পরিচালিত হয়। করোনায় ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর বর্তমান আর্থিক অবস্থার কথা খেলোয়াড়রা বিবেচনা করবেন, এমনটা মনে করছেন লিগ কমিটির চেয়ারম্যান। কিন্তু ৩৫ শতাংশ অর্থের কথা শুনে হতাশ হয়েছেন খেলোয়াড়রা। সভার আগেই বাফুফে ভবনের তিন তলায় ১০-১৫ জন ফুটবলার অবস্থান করছিলেন। পারিশ্রমিক নির্ধারণের কথা শুনে হতাশ হয়েছেন ফুটবলাররা। তারা মনে করছেন এটি সঠিক সিদ্ধান্ত হয়নি। ৩৫ শতাংশ হলে ৪০ শতাংশ করা যাবে না কেন। জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা বললেন, ‘যেটা হয়েছে সেটা হতাশজনক। আমরা আবার বাফুফের সঙ্গে বসব।’ সালাম জানিয়েছেন কোভিড-১৯ ফান্ড পাওয়া যাবে ফিফা থেকে। সেটা নিয়েও বিতরণের একটা ভাবনা আছে বাফুফের। আর লিগের খেলা গাজীপুর, কুমিল্লা, ঢাকায় আর্মি স্টেডিয়াম, নরসিংদী, বিকেএসপি এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে।