সালমা-জাহানারা করোনা নেগেটিভ

নারী আইপিএল খ্যাত ভারতের উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। দুই ক্রিকেটারের প্রস্তুতির ব্যবস্থা করেছে বিসিবি। একজন কোচও দেওয়া হয়েছে তাদের জন্য। গত বুধবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছিলেন সালমা-জাহানারা।

নভেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য গত বুধবার করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন তারা। গতকাল নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। নেগেটিভ রিপোর্ট পেয়েছেন দুজনই। তাদের সঙ্গে আরো পাঁচ ক্রিকেটার ও ফিজিও। সবারই নেগেটিভ রিপোর্ট এসেছে।

গতকাল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ। সালমা-জাহানারাদের দ্বিতীয়বার করোনা পরীক্ষা হবে ১৯ অক্টোবর। ২১ অক্টোবর দুবাইয়ের উদ্দেশ্যে বিমানে চড়বেন দুই ক্রিকেটার। উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ লিগে জাহানারা ভেলোসিটির হয়ে এবং প্রথমবার সুযোগ পাওয়া সালমা ট্রেইলব্লেজার্সের হয়ে খেলবেন।