২১ অক্টোবর ফিরছেন সিলেটের কিউরেটর

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রানের খরা চলছেই। অবস্থা বেগতিক দেখে চট্টগ্রামের কিউরেটর প্রাভিন হিনগানিকর ও দেশীয় জাহিদ রেজা বাবুকে মিরপুরের দায়িত্ব দেওয়া হয়েছে শুধু বিসিবি প্রেসিডেন্টস কাপের জন্য। বিসিবির অপর দুই বিদেশি কিউরেটর এখনো ফিরেননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কিউরেটর সঞ্জীব আগারওয়াল আগামী ২১ অক্টোবর ফিরছেন। গতকাল বিসিবি সূত্রে এই তথ্য জানা গেছে। ভারতীয় এই কিউরেটর গত জুনে স্বদেশে ফিরেছিলেন।

যদিও মিরপুরের প্রধান কিউরেটর শ্রীলঙ্কান গামিনি ডি সিলভা কবে ঢাকায় ফিরছেন সেই তথ্য দিতে পারেননি বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন। গতকাল তিনি বলেছেন, ‘চলে আসবেন তিনি। নির্দিষ্ট তারিখ এখনই বলতে পারছি না। দ্রুতই চলে আসবেন।’

গত মে মাসের শেষ দিকে কলম্বো ফিরে গিয়েছিলেন গামিনি। তারপর আর ফিরেননি। প্রধান কিউরেটরের অনুপস্থিতিতে গত পাঁচ মাস হোম অব ক্রিকেটের উইকেট, মাঠের দেখভাল করছেন গ্রাউন্ডসম্যানরা।