চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষা শেষ করার দাবি শিক্ষার্থীদের

চবি সংবাদদাতা: করোনার কারণে গত মার্চে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় থেমে যায় চলমান পরীক্ষা। সেই পরীক্ষা শেষ করার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনার অজুহাতে শিক্ষাকার্যক্রম ছাড়া কোনো কিছুই থেমে নেই। দুই-একটি কোর্সের পরীক্ষার জন্য আমাদের সব কিছু আটকে আছে। নির্ধারিত সময়ে ফল প্রকাশিত হচ্ছে না। পরীক্ষা অসমাপ্ত থাকায় একদিকে যেমন অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছি না, অন্যদিকে তৈরি হচ্ছে দীর্ঘ সেশনজট। ফলে আমরা চাকরির বাজারে পিছিয়ে পড়ছি। তাই আমরা চাই আমাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো যেন কর্তৃপক্ষ নেওয়ার ব্যবস্থা করে।