রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের মধ্যে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের আটটি ইন্টারসেকশন পয়েন্ট ছিল। প্রত্যেকটি পয়েন্ট আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা চালুর ক্ষেত্রে পঞ্চগড় থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন সার্ভিস চালুর প্রক্রিয়া চলছে। ভারতের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ভবিষ্যতে বাংলাবান্ধার সঙ্গে ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে রেলযোগাযোগব্যবস্থা চালু করা হবে। এর ফলে যোগাযোগব্যবস্থার পাশাপাশি ব্যবসাবাণিজ্যও সম্প্রসারিত হবে। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।
মন্ত্রী বলেন, একসময় ভারত-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অভিন্ন রেলপথ চালু ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর রেলপথকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথকে আধুনিকীকরণসহ নতুন নতুন পরিকল্পনা নিয়ে রেলব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে জেলায় জেলায় রেলযোগাযোগ স্থাপনের কাজ শুরু করেছেন।
তিনি আরো জানান, ট্রেনটির শুলভ শ্রেণির ভাড়া ১৭০ টাকা, শোভন ২৮০ টাকা, শোভন চেয়ার ৩৩৫ টাকা, প্রথম শ্রেণির ৪৪৫ টাকা, প্রথম শ্রেণির বার্থ ৬৬৫ টাকা, সিগ্ধা ৫৫৫ টাকা (ভ্যাট ব্যতীত), এসি ৬৬৫ টাকা (ভ্যাট ব্যতীত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট ও বেডিং চার্জ ব্যতীত) নির্ধারণ করা হয়েছে। এটি ‘খ’ শ্রেণির ট্রেন। এতে ৫০৮ জন যাত্রী যেতে ও আসতে পারবে।