মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার শিগগিরই উম্মুক্ত করার বিষয়ে সম্মতির কথা জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। করোনা (কোভিড-১৯) পরিস্থিতির উন্নতি হলেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার জুম অনলাইনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় বাংলাদেশের জন্য উন্মুক্তকরণ, সমঝোতা স্মারক স্বাক্ষর, কর্মী নিয়োগের ক্ষেত্রে অনলাইন সিস্টেম চালু করা, কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্টের সম্পৃক্ততা, পরবর্তী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা আয়োজন এবং কোভিড-১৯ পরিস্থিতিতে আটকা পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রত্যাগমন প্রভৃতি বিষয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়।
সুষ্ঠু অভিবাসনের স্বার্থে বাংলাদেশ হতে সব বৈধ রিক্রুটিং এজেন্টের তালিকা মালয়েশিয়ায় প্রেরণ করা হবে এবং মালয়েশিয়া পক্ষ উক্ত তালিকা হতে উপযুক্ত সংখ্যক রিক্রুটিং এজেন্ট নির্বাচন করবে বলে উভয় মন্ত্রী একমত হয়েছেন। রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ডাটাবেইজ থেকে কর্মী সংগ্রহ, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ন্যায্য সার্ভিস মূল্য প্রদানসহ একটি সমন্বিত অনলাইন সিস্টেমের মাধ্যমে পুরো প্রক্রিয়া মনিটরিং করা হবে। কর্মী রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় মনিটরিং কার্যক্রম জোরদার করার বিষয়েও উভয়পক্ষ আলোচনা করে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের রিক্রুটমেন্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে শিগগিরই উভয় দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হবে মর্মেও বৈঠকে সিদ্ধান্ত হয়। কোভিড-১৯ পরিস্থিতিতে আটকাপড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রত্যাগমনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণে মালয়েশিয়ার মন্ত্রী নীতিগতভাবে সম্মত হয়েছেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী একই সঙ্গে মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে সে দেশের মানব সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন।