ফ্রান্সের ৯টি শহরে ফের করোনা কারফিউ

ফ্রান্সে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানী প্যারিস এবং অন্য আরো আটটি শহরে রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। বুধবার টিভিতে এক সাক্ষাত্কারে ম্যাক্রঁ বলেছেন, কারফিউ কার্যকর হবে শনিবার থেকে। চলবে অন্তত চার সপ্তাহ। মানুষজনকে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে থাকতে হবে। কারফিউ ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা। খবর রয়টার্সের

এর কিছুক্ষণ আগে ফ্রান্স সরকার নতুন করে জনস্বাস্থ্যে জরুরি অবস্থাও ঘোষণা করেছে। ম্যাক্রঁ বলেছেন, ‘আমরা (মহামারির) দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদেরকে পদক্ষেপ নিতে হবে।’ ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ফ্রান্সও করোনা ভাইরাস সামাল দিতে হিমশিম খাচ্ছে। বুধবার দেশটিতে নতুন ২২,৫৯১ জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো ফ্রান্সে দৈনিক সংক্রমণ ২০ হাজার         ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজারের বেশি মানুষের। ম্যাক্রঁ বলেছেন, ‘ফ্রান্সে ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। তবে পরিস্থিতি উদ্বেগজনক।’ তিনি জানান, কারফিউয়ের আওতায় মানুষ সন্ধ্যায় কিংবা রাতে কোনো রেস্তোরাঁয় কিংবা কারো বাসায় যেতে পারবে না। কেবল জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া যাবে। কেউ কারফিউ ভঙ্গ করলে তাকে ১৩৫ (১৫৯ ডলার) ইউরো জরিমানা দিতে হবে। তবে ফ্রান্সে গণপরিবহনের ওপর কোনো বিধিনিষেধ থাকছে না। মানুষ অবাধেই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করতে পারবে। যদিও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে ছয় জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেছেন, ফ্রান্সে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ২০ হাজার থেকে ৩ হাজারে নামিয়ে আনা এবং হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রোগীর চাপ কমানোর লক্ষ্যেই কড়াকড়ির এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।