শেখ হাসিনার নেতৃত্বেই দেশ সংসদীয় পদ্ধতিতে ফিরেছে :চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে সংসদীয় পদ্ধতি অকার্যকর হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আবারও পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে যাওয়া সম্ভব হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মনিপুরি পাড়ার খেজুর বাগান সংলগ্ন গণপূর্ত বিভাগের কর্মচারী ও জাতীয় সংসদ ভবনের নিরাপত্তারক্ষীদের জন্য দুটি ৯তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

চিফ হুইপ বলেন, মন্ত্রীদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি না করে সংসদ সদস্যদের করার পদ্ধতি প্রবর্তন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ কার্যক্রমে, বিশেষ করে আইন প্রণয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকা অন্যান্য প্রধানমন্ত্রী থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে সামনে এগিয়ে চলছে। অনুষ্ঠানে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এবং জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।