সাভারে হোটেল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আটক ৯

সাভারে এক হোটেল ব্যবসায়ীকে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকাণ্ডে জড়িত ৯ ডাকাতকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পিবিআইয়ের উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন।

আটককৃতরা হলো বশির মোল্লা, শেখ হাফিজ, আনোয়ার হোসেন, আমির হোসেন, আল আমিন, জুয়েল মিয়া, নঈম, তপন মিয়া ও নাজমুল মিয়া।

পুলিশ জানায়, গত ৬ অক্টোবর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পার্কের সামনে থেকে মিরপুরের হোটেল ব্যবসায়ী লস্কর রবিউল ইসলামের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী হাফিজা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার পায় ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই উন্নত প্রযুক্তি ব্যবহার করে গত বুধবার আশুলিয়া ও ঢাকার যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ৯ ডাকাতকে আটক করে। এ সময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহূত বিভিন্ন সরঞ্জামাদি ও একটি বাস জব্দ করে।

পিবিআই ঢাকা জেলার এসআই ইমরান বলেন, গত ৬ অক্টোবর মিরপুরের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্কর আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। রাতে আশুলিয়ার নবীনগর থেকে মিরপুর যাওয়ার জন্য একটি বাসে ওঠেন। বাসে ওঠার পরে যাত্রীবেশে থাকা একদল ডাকাত ঐ হোটেল ব্যবসায়ীকে বাসের ভেতরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ সাভারের বলিয়ারপুর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে যায়। এ সময় ডাকাতরা নিহত হোটেল ব্যবসায়ীর স্ত্রীকে নিহতের ফোন নম্বর থেকে ফোন দিয়ে তার স্বামীর লাশ বলিয়ারপুরে ফেলে রাখা আছে বলে জানিয়ে লাশ নিয়ে যেতে বলেন। পরে ঐদিন সন্ধ্যায় হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, আটক ডাকাত সদস্যরা ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।