জাতীয় চিড়িয়াখানা খুলছে ১ নভেম্বর

স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ১ নভেম্বর থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি বেশকিছু শর্ত প্রতিপালন নিশ্চিত করা সাপেক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা খোলার এ অনুমতি দিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, করোনা ক্রান্তিকালে ঢাকা শহরবাসীর বিনোদনের উল্লেখযোগ্য কোনো বিকল্প না থাকায় তাদের বিনোদন এবং শারীরিক ও মানসিক উত্কর্ষের বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে চিড়িয়াখানায় থাকা প্রাণীদের খাদ্য, নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যসুরক্ষা এবং সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। মন্ত্রী চিড়িয়াখানায় প্রবেশ ও অবস্থানের সময় সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে।