আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় কওমি মাদ্রাসাছাত্রী তানজিনা আক্তারকে (১৪) শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশে একটি গর্তে ফেলে দিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তানজিনা আক্তার উপজেলার রামচন্দ্রদী এলাকার মাটি কাটা শ্রমিক আফতাব উদ্দিনের মেয়ে। নিহতের বাবা জানান, ‘বৃহস্পতিবার ফজর নামাজ পড়তে আমরা সবাই ঘুম থেকে উঠি। একই সময় তানজিনাও নামাজ পড়তে ওঠে। নামাজের পর মেয়েকে খুঁজে না পেয়ে আশেপাশে খুঁজলেও পাইনি। সকালে বাড়ির পাশে একটি গর্তে তার লাশ দেখতে পাই।’ আড়াইহাজার থানার গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজহার উদ্দিন জানান, সংবাদ পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযান চলছে।