মোবাইল ফোন অপারেটর রবি ৫ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ গতকাল বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ অর্জনের ঘোষণা দেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হকসহ রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ৫ কোটি গ্রাহকের স্বপ্ন ধারণ করে প্রযুক্তিনির্ভর আগামী বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে এই সাফল্য উদ্যাপনে বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, রবি-এয়ারটেল গ্রাহকেরা এ আনন্দের মুহূর্তে প্রতিদিন ৫ কোটি মেগাবাইট ডেটা বোনাস ব্যবহারের সুযোগ পাবেন। বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘আমি নিশ্চিত, উদ্ভাবনী ডিজিটাল সেবা ও মানসম্পন্ন সেবার মাধ্যমে রবি জনগণের আস্থার প্রতিদান দেবে।’ টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘রবির এই অর্জনে আমরা সবাই গর্বিত।’