নারায়ণগঞ্জ থেকে অপহূত শিশু আড়াইহাজারে উদ্ধার

নারায়ণগঞ্জের দেওভোগ থেকে অপহূত স্বপ্না নামে এক শিশুকে এক মাস পর আড়াইহাজার থেকে উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ পিবিআই বুধবার বিকালে স্বপ্নার মেডিক্যাল পরীক্ষা ও আদালতে জবানবন্দির পর তাকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জের খানপুর বৌবাজার এলাকার মতিনের ছেলে  নয়ন ও তার সহযোগীরা গত ১০ সেপ্টেম্বর  বিদ্যানিকেতনের সামনে থেকে মাইক্রোবাসে স্বপ্নাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর মা রূপালী ধর বাদী হয়ে নয়নসহ চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই নারায়ণগঞ্জকে নির্দেশ দেয়।

পিবিআই নারায়ণগঞ্জের উপপুলিশ পরিদর্শক আবু সায়েম মামলাটির তদন্তভার গ্রহণ করেন। এরপর তাদের নিয়োজিত গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বপ্নার অবস্থান নিশ্চিত হয়ে আড়াইহাজার থানার কল্যাণদী এলাকায় অভিযান চালিয়ে স্বপ্নাকে উদ্ধার করে পিবিআই। তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক আবু সায়েম জানান, অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।