ছাদ থেকে লাফিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেল, এক ব্যক্তি কীভাবে ছাদ থেকে দৌড়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তার নাম সোলায়মান (৩৮)। রাজধানীর গুলশানের শাহাজাদপুরের একটি দশতলা বাড়ির ছাদ থেকে গতকাল বিকাল সোয়া ৩টার দিকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। ঐ বাড়ির পাশে আরেকটি বাড়ির দেওয়ালে লাগানো সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে পুলিশ নিশ্চিত হয়েছে যে তিনি আত্মহত্যা করেছেন।

গুলশান থানার ওসি আবুল হাসান জানান, শাহাজাদপুরের জিপি ক-৮১ নম্বর বাড়ির তিনতলার ফ্ল্যাটে সোলায়মান সপরিবারে ভাড়া থাকতেন। সোলায়মান তার বড় ভাইয়ের সঙ্গে ব্যবসা করেন। স্ত্রী মীম পুলিশকে জানিয়েছেন যে তার স্বামী আগেও একবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা তিনি জানাতে পারেননি। এ ঘটনায় মীম বাদী হয়ে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।