করোনা যে আমাদের জীবনকে কোন দুরবস্থায় টেনে নামিয়েছে! দর্জির দোকানে গিয়ে দেখলাম, বেশ কিছু জামা-প্যান্ট ঝুলছে। কিন্তু জামাকাপড়গুলোর ওপর এত ধুলোবালি কেন? দর্জি ভদ্রলোক শুকনো মুখে বললেন, কী আর বলব! করোনা শুরুর কয়েক দিন আগে জামাপ্যান্ট যাঁরা বানাতে দিয়েছিলেন, তাঁরা আর আসেননি। আমার কী করে চলে বলুন তো? আমার কর্মীদের আমি ঠিকমতো বেতন দিতে পারছি না।
পাজামা-পাঞ্জাবির মাপ দিয়ে চলে আসার সময় দর্জি বললেন, কিছু মনে করবেন না, কিছু টাকা অগ্রিম দিয়ে যেতে পারবেন? চমকে উঠলাম। এতদিন ধরে এই দর্জির দোকানে পাজামা-পাঞ্জাবি বানিয়ে নিচ্ছি, কোনোদিন উনি অগ্রিম চাননি। পৃথিবীটা সত্যি বদলে গেছে। ঝড়-বন্যায় অনেক ক্ষতি হয়, সেসব সামলেও ওঠে মানুষ। কিন্তু করোনা আতঙ্ক ও ভাইরাসের কোপ মানুষ কবে সামলে উঠবে, কে জানে!
লিয়াকত হোসেন খোকন