যুক্তরাজ্যে তিন বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব

করোনা ভাইরাসের প্রভাবে যুক্তরাজ্যে বেকারত্বের হার এখন তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিবিসির সংবাদ অনুযায়ী আগস্ট শেষ প্রান্তিকে দেশটির বেকারত্বের হার সাড়ে ৪ শতাংশে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকে (মার্চ-মে) এ হার ছিল ৪ দশমিক ১ শতাংশ। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী জুলাই-আগস্ট সময়ে বেকার ছিল ১৫ লাখ জনগোষ্ঠী। গত মার্চ মাসের পর দ্রুত বেড়েছে বেকারত্বের হার। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ৫ লাখে নেমে এসেছিল দেশটির বেকারত্বের হার। করোনার প্রকোপ শুরু হওয়ার পর বিশেষ করে তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়েছে। দেশটিতে পরিচালিত এক জরিপে দেখা গেছে, বেকারদের মধ্যে ৬০ শতাংশের বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে। মূলত করোনার প্রকোপ শুরু হওয়ার পর সেবা খাত, ভ্রমণ এবং পর্যটন সংশ্লিষ্ট খাতের সঙ্গে সংশ্লিষ্টরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।