বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া ও মেঘনা নদীতে মা-ইলিশ আহরণের অপরাধে ছয় জেলেকে আটক ও জেল-জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি), মত্স্য অধিদপ্তর বোরহানউদ্দিন ও থানা পুলিশের একটি দল তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় মা-ইলিশ আহরণের অভিযোগে চার জেলেকে আটক এবং ১০ কেজি মা-ইলিশ ও একটি নৌকা জব্দ করেন। রাতে সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল, মো. সোহাগ ও সোহাগকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং বিপ্লবকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করা হয় মেঘনায়। এ সময় একই অভিযোগে দুই জেলেকে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।