সংবাদ সংক্ষেপ

নাগরিক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর টাউন হল মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিকল্পিত নগর উন্নয়ন নাগরিক কমিটির নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিকল্পিত নগর উন্নয়ন কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। সভায় বক্তব্য রাখেন জাসদ রংপুর জেলা সভাপতি সাখাওয়াত হোসেন রাঙা, রংপুরের বাম রাজনৈতিক ওয়ার্কার্স পার্টি রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, চেম্বারের পরিচালক রামকৃষ্ণ সোমানী প্রমুখ।

সুশাসনের জন্য যোগাযোগ শীর্ষক কর্মশালা

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা কিশোরগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ‘সুশাসনের জন্য যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার ভার্চুয়ালের মাধ্যমে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে শুক্রবার মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি বিভাগের আয়োজন কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক।

বিশ্ব খাদ্য দিবসে আলোচনাসভা

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহমেদ।

ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ার চন্ডিপাশা ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার উপজেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ ন ম তানভীর হায়দার ভূঞা ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের স্বাক্ষরে ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন হয়। এতে ইসমাঈল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালেকুল ইসলাম ঈদুলকে সভাপতি ও এম এ মান্নান মানিক কলেজের প্রভাষক এমদাদুল হককে সাধারণ সম্পাদক করা হয়।

একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু পাইকগাছা পৌর সদরের দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুক্রবার পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের লিফটসহ ছয় তলাবিশিষ্ট এ একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার প্রমুখ।

গাংনীতে আলোচনাসভা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে বিশ্ব খাদ্য দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ।

বিশ্ব খাদ্য দিবসে সাইকেল র্যালি

গাইবান্ধা প্রতিনিধি বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে দেশের সব নাগরিকের জন্য জীবিকার নিশ্চয়তা এবং খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিত করার জন্য খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে শুক্রবার সাইকেল র্যালি গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে উত্তরণ ও জলবায়ু পরিষদের সদস্য এবং ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশের সহযোগিতায় উত্তরণ গাইবান্ধার আয়োজনে র্যালি উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন।