ওয়াহিদের নতুন একটি ছবি প্রযোজনা করতে যাচ্ছে কানাডার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ছবিটির ডিজাইন ডেভেলপমেন্ট ও স্টোরিবোর্ডসের জন্য অর্থ লগ্নিও করছে তারা। মহান মুক্তিযুদ্ধ নিয়ে শর্ট অ্যানিমেশন ফিল্ম তৈরির ঘোষণা দিয়েছিলেন হলিউডের বাংলাদেশি অ্যানিমেটর ব্যবস্থাপক ওয়াহিদ ইবনে রেজা। সেটিও দুই বছর আগে। কথা মতো ২০১৯ সালে আসে ‘সার্ভাইভিং ৭১’ নামের সে ছবিটির টিজার। যা দেখে মুগ্ধ বাংলাদেশি দর্শক। এই কাজের প্রশংসা শুধু দেশেই নয়, বিদেশ থেকেও পেয়েছেন তিনি। আর তার পুরস্কারের পালক হিসেবে এবার যুক্ত হচ্ছে কানাডার জাতীয় ফিল্ম বোর্ড (এনএফবি)। খবরটি নিশ্চিত করেছেন ওয়াহিদ ইবনে রেজা নিজে। বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এটা আমার জন্য খুবই রোমাঞ্চের বিষয়। কারণ, ছবিটি ডেভেলপমেন্ট শুধু নয়, এর সব খরচও তারা বহন করবে। পাশাপাশি ছবিতে অ্যাটোমিক কার্টুনিক ইনকরপোরেটেডও যুক্ত হয়েছে।’
‘কানাডার এনএফবি প্রতিবছর চলচ্চিত্রের জন্য ফান্ড রাখে। যদি জুরিবোর্ড ডিজাইন ও স্টোরিবোর্ড পছন্দ করে, তাহলে সে ছবিটির পুরো ব্যয়ভার প্রতিষ্ঠানটি নেয়। এবার আমার ছবি সেটা পাচ্ছে। এনএফবি শতভাগ অর্থায়ন করছে। আর আমি এতে পরিচালক ও লেখক হিসেবে থাকছি।’ জানালেন ওয়াহিদ।