পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতে একটি সাপ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ৫ ঘণ্টা চেষ্টার পর সাপটিকে জীবিত উদ্ধার করেছে। পরে সাপটিকে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের বাঙলোতে মিটিংয়ে যাবার পথে বালিয়াহালট গোরস্থানের কাছে ইউএনওর জিপের ড্রাইভার সামনের বাম্পারে একটি সাপ দেখতে পান। তত্ক্ষণাত্ ড্রাইভার গাড়ি থামিয়ে দেন। তখন সাপটি জিপের সামনের গ্লাসের ওপর উঠে আসে। উপায় না দেখে ইউএনও পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। কিছুক্ষণের মধ্যে চলেও আসে তারা।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ সাপটি জীবিত উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তরের নির্দেশনা প্রদান করেন। পরে রাত ১২টায় ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় সাপটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বনবিভাগের কাছে হস্তান্তর করতে রাত প্রায় ১টা বেজে যায়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জীববৈচিত্র্যের কথা বিবেচনা করেই সাপটিকে মেরে ফেলা হয়নি। স্থানীয় নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনসারভেশন কমিউনিটির সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ জানান, এটি মূলত নির্বিষ প্রজাতির নিরীহ দাঁড়াশ সাপ। ফসলের জমিতে ইঁদুর খেয়ে এরা কৃষকের উপকার করে।