পায়খানার জন্য তৈরি গভীর গর্তে পড়া দুটি ছাগল উদ্ধার করতে গিয়ে গতকাল শুক্রবার কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানের দুই চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ অগ্নিনির্বাপক দল যুবকদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
চাতলাপুর চা-বাগান কর্তৃপক্ষ জানান, চা-বাগানের বাউরী টিলায় রাবন বাউরীর ঘরের পেছনে পায়খানার গভীর গর্তে দুটি ছাগল পড়ে যায়। দুপুরে ছাগল দুটি উদ্ধার করতে গর্তে নামে দুর্গাচরণ বাউরী। তাকে উঠতে না দেখে গর্তে নামে রাজু বাউরী। আরো দুই যুবক মই দিয়ে গর্তে নামতে চাইলে অর্ধেক নামার পর ভয় পেয়ে ওপরে উঠে আসে। খবর পেয়ে বাগান ম্যানেজমেন্ট ও চা বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দরা ঘটনাস্থলে আসেন এবং তারা কমলগঞ্জ অগ্নিনির্বাপক দলকে খবর দেওয়া হয়। বিকাল ৪টায় ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দল এসে যুবকদ্বয়ের মৃতদেহ উদ্ধার করে। কমলগঞ্জ অগ্নিনির্বাপক দলের ইনচার্জ মো. আব্দুল কাদির বলেন, গর্ত গভীর থাকায় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ার্দুস হাসান বলেন, তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।