ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে নোয়াখালীর উদ্দেশ্যে লংমার্চ শুরু করেছে আন্দোলনের প্ল্যাটফরম ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ।’ গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লংমার্চ শুরু করে প্রগতিশীল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর এই মঞ্চ।
লংমার্চ গুলিস্তান হয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পৌঁছায় গতকাল দুপুরে। বিকালে কুমিল্লা পৌঁছায়। কুমিল্লা শহরে সংক্ষিপ্ত সমাবেশ করার পর লংমার্চ যাবে ফেনীতে। শনিবার ফেনী শহরে সমাবেশ শেষে দাগনভুঞা, নোয়াখালীর চৌমুহনী হয়ে যাবে বেগমগঞ্জের একলাসপুর। শনিবার বিকালে সেখান থেকে মাইজদী কোর্টে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লংমার্চ।
লংমার্চের আগে শাহবাগে সমাবেশে সিপিবি নারী সেলের সদস্য লুনা নূর বলেন, সুষ্ঠু বিচারের দাবিতে লড়াই-সংগ্রামকে সমন্বিত করতে, দেশবাসীর চেতনা ও অবস্থানকে সমন্বিত করার আমাদের আহ্বান থাকবে এই লংমার্চে।
ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান বলেন, সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। কিন্তু এতে ধর্ষণ বন্ধ করা যাবে না। পূর্বঘোষিত ৯ দফা বাস্তবায়নের দাবিতে জনমত গঠন করবেন বলে জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।
চান্দিনায় পথসভা
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, শুক্রবার বিকাল ৩টায় লংমার্চের অংশ হিসেবে চান্দিনা বাস স্টেশনে পথসভায় বক্তৃতা করেন—ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক তৌফিকা জামান লিজা, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক মেখমল্লার বসু প্রমুখ। প্রগতিশীল ছাত্রসংগঠনের দাবিগুলোর সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন—কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি এ বি এম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সিপিবি চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক কমরেড সুধাংশু কুমার নন্দী, চট্টগ্রাম বিভাগীয় নিজেরা করিসহ বিভিন্ন সংস্থার নেতাকর্মীরা।
কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ
কুমিল্লা প্রতিনিধি জানান, দেশে ধর্ষণ-নিপীড়ন বন্ধসহ ৯ দফা দাবিতে লংমার্চ ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছে প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর কুমিল্লা টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে তারা এ সমাবেশ করেন। এদিকে ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জানান, দেশে বিগত সময়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে আর কেউ যেন পার না পেয়ে যায়, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।