কালিয়াকৈরে চালককে কুপিয়ে জখম করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে চন্দ্রা কালামপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, মাগুরা জেলার মাগুরা উপজেলার ধর্মদহ এলাকার কাশেম মন্ডলের ছেলে সিয়াম মন্ডল। তিনি উপজেলার কালামপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সিয়াম মন্ডল জানান, গজারি বন থেকে কয়েকজন ছিনতাইকারী এসে তাকে কুপিয়ে জখম করে তার অটোরিকশাটি ছিনিয়ে নেয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি তার জানা নেই। খবর নিয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।