নগরীর ওয়াসা মোড়ের জুক রেস্টুরেন্টে তেলাপোকাসহ সুপ সরবরাহ করার অভিযোগে, কিচেনে খোলা ডাস্টবিন, ফ্রিজে কাঁচা ও ম্যারিনেট করা মাছ-মাংস একসঙ্গে রাখায় ঐ রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম নাজের হোসাইন মনিটরিং টিমকে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বাকলিয়া, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় তদারকিমূলক অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।